জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

ষ্টাফ রিপোর্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। মোট ৩৯টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, শীর্ষ তিনটি গুরুত্বপূর্ণ পদেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’।

সহসভাপতি (ভিপি) পদে মো. রিয়াজুল ইসলাম ৫৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত একেএম রাকিব পেয়েছেন ৪৬৮৮ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে আব্দুল আলিম আরিফ ৫৪৭০ ভোটে শীর্ষে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২২০৩ ভোট।

সহসাধারণ সম্পাদক (এজিএস) পদেও এগিয়ে রয়েছে শিবির-সমর্থিত প্রার্থী। এ পদে মাসুদ রানা পেয়েছেন ৫০০২ ভোট, আর ছাত্রদল সমর্থিত বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩৯৪৪ ভোট।

মঙ্গলবার (৬ জানুয়ারি) জকসু এবং বিশ্ববিদ্যালয়ের একটি হল সংসদের নির্বাচনে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আনা হয়। পরে ছয়টি ওএমআর (অপটিকাল মার্ক রিকগনিশন) মেশিনে ভোট গণনা শুরু হয়।

গণনার মধ্যে তথ্য গড়মিল ধরা পড়লে কিছু সময়ের জন্য গণনা স্থগিত থাকে। পরে গভীর রাতে পুনরায় গণনা শুরু করে নির্বাচন কমিশন।

জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন, যার মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ।

এদিকে একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল— নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদেও ভোট অনুষ্ঠিত হয়। ওই হলে মোট ১২৪২ ভোটারের মধ্যে প্রায় ৭৭ শতাংশ শিক্ষার্থী ভোট প্রদান করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *