চার দিনব্যাপী উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার

দেশে ফিরে ঢাকার বাইরে প্রথম সফরে উত্তরাঞ্চলের জেলাগুলোতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি তিনি উত্তরাঞ্চলের উদ্দেশে রওনা দেবেন এবং চার দিনব্যাপী সফর শেষে ১৪ জানুয়ারি ঢাকায় ফিরবেন।

বিএনপি সূত্রে জানা গেছে, এ সময়ে তিনি উত্তরাঞ্চলের মোট ৯টি জেলা পরিদর্শন করবেন। চূড়ান্ত সূচি অনুযায়ী, ১১ জানুয়ারি তারেক রহমান টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়া সফর করবেন এবং সেদিন রাতে বগুড়ায় অবস্থান করবেন। পরদিন ১২ জানুয়ারি তিনি বগুড়া থেকে রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হবেন।

১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে তিনি পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর শেষে রাতে রংপুরে ফিরবেন। এরপর ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।

এই সফরের অংশ হিসেবে তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আবু সাঈদ, নানি তৈয়বা মজুমদারসহ জুলাই ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করবেন এবং দোয়া মাহফিলে অংশ নেবেন। পাশাপাশি জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারগুলোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করারও পরিকল্পনা রয়েছে।

সফর সংশ্লিষ্ট জেলাগুলোর প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো চিঠিতে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ সফর মূলত ধর্মীয় ও সামাজিক কর্মসূচির অংশ। তাই বাংলাদেশ নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘনের কোনো শঙ্কা নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *