গাজীপুর মহানগরের পূবাইল কলেজ গেটে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মহানগরের ৪১ নম্বর ওয়ার্ডের কলেজগেট রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর প্রায় এক ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও চট্টগ্রামমুখী ট্রেন চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় হঠাৎ করে আটকে যায়। চারদিকে চিৎকার-চেঁচামেচির মধ্যে ট্রাক সরানোর চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। ঠিক সেই মুহূর্তে পর্যটক এক্সপ্রেস এসে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রেনের একটি এসি বগির দরজা ভেঙে যায় এবং কিছু দূর গিয়ে ট্রেনটি থেমে যায়।
যাত্রী আরিফ হোসেন বলেন, “ট্রেনচালক আগে থেকেই ব্রেক করেছিলেন। নাহলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। আমরা আতঙ্কে ছিলাম, তবে অল্পের জন্য বেঁচে গেছি।”
রেলগেট কিপার স্বপন জানান, তিনি একপাশের গেট বন্ধ করেছিলেন। কিন্তু ট্রাকটি হঠাৎ রেললাইনের ওপর থেমে যায় এবং সরানো সম্ভব হয়নি। ঠিক তখনই ট্রেন এসে ধাক্কা মারে।
ট্রাকচালকও জানান, হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যাওয়ায় তিনি বারবার চালু করার চেষ্টা করেও ব্যর্থ হন। এর মধ্যেই ট্রেন ধাক্কা দেয়।
উদ্ধারকাজ শেষে এক ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় রেল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।









