মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল

এরা ফাঁদ পাতছে, আমাদের উসকানি দিচ্ছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এরা ফাঁদ পাতছে। আমাদের প্রভোক (উসকানি) করছে, আমরা যেন ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন (সংঘাত) করি, এমন একটা অবস্থা তৈরি করি, যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয়। এই ফাঁদে পা দেব না।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মির্জা ফখরুল। জুলাই–আগস্টের ঐতিহাসিক গণ–অভ্যুত্থানে বীর শহীদদের স্মরণে জাতীয়তাবাদী ছাত্রদল এ স্মরণসভার আয়োজন করে।

দেশ ফ্যাসিস্টমুক্ত হওয়ার পর নতুন একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। ফ্যাসিবাদটা এখনো শেষ হয়ে যায়নি। এই গণতন্ত্রের যেন উত্তরণ না ঘটে, তার জন্য পরিকল্পিতভাবে কাজ শুরু হয়েছে।’

এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব আরও বলেন, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্নভাবে কাজ শুরু হয়েছে। নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও অশ্লীল–অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে।

এমনটা কেন করা হচ্ছে, তার ব্যাখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ভয়ে এসব করা হচ্ছে। তারা ভয় পেয়েছে। তারেক রহমান তো জাতীয় নেতা হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। সুতরাং তিনি যদি ফিরে আসেন, তাহলে তারা যাবে কোথায়। তাদের এটুকু আশ্বাস দিতে পারি, তারা সঠিক জায়গায় থাকবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *