এক্সপ্রেসওয়েসহ তিন জায়গায় ৭ গাড়ির সংঘর্ষ, আহত ২০

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজংয়ে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় সাতটি যানবাহন সংঘর্ষে জড়িয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে এক কাভার্ডভ্যানচালক ও বাসচালকসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১টা থেকে শুক্রবার (২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। শ্রীনগর উপজেলার ছনবাড়ী ব্রিজের ঢালে, লৌহজংয়ের মেদেনীমন্ডল এলাকায় মাওয়ামুখী লেনে এবং ভোরে শ্রীনগরে কাভার্ডভ্যান–ট্রাকের সংঘর্ষ—এ তিনটি ঘটনায় এক্সপ্রেসওয়ের যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ক্ষতিগ্রস্ত যান সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রাত ১টার দিকে ছনবাড়ী ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাককে ধাক্কা দেয়। মুহূর্তেই পেছন থেকে আরেকটি ট্রাক বাসটিকে আঘাত করে। এতে বাসচালকসহ কমপক্ষে ১৬ জন আহত হন। ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়; পরে গুরুতর কয়েকজনকে ঢাকা ও ফরিদপুর মেডিকেলে স্থানান্তর করা হয়।

অন্যদিকে মেদেনীমণ্ডল এলাকায় ঘন কুয়াশায় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাককে ধাক্কা দিলে ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ফায়ার সার্ভিস দুইজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়। আশঙ্কাজনক আহতরা হলেন—ট্রাকচালক রিপন মিয়া (৫৫) ও বাসের সুপারভাইজার মানিক মিয়া (৪৪)।

ফায়ার সার্ভিস জানায়, ঘন কুয়াশা, দ্রুতগতি এবং যানবাহন চালকদের অসতর্কতার কারণে দুর্ঘটনাগুলো ঘটেছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাত থেকে এক্সপ্রেসওয়ে ঘন কুয়াশায় ঢেকে ছিল, দৃশ্যমানতা ছিল খুবই কম। এতে মহাসড়কটি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছিল। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহনের বিরুদ্ধে হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *