আজ থেকে প্রবাসীদের পোস্টাল ভোট দেওয়া শুরু

ষ্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটাররা আজ (বুধবার) বাংলাদেশ সময় বিকেল ৫টা থেকে পোস্টাল ভোট প্রদান করতে পারবেন।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, কমিশনের ওয়েবসাইট বা পোস্টাল ভোট বিডি অ্যাপে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়া যাবে।

ভোটদানের পর ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট ডাকযোগে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে। এ বিষয়ে ইসির পাঠানো বার্তায় বলা হয়েছে, ভোট দেওয়ার পর হলুদ খাম নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে ফেলে দেওয়াই যথেষ্ট।

ইসির অন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পোস্টাল ভোট বিডি অ্যাপে উন্নত নিরাপত্তা ব্যবস্থা থাকার কারণে একজন ভোটারের হয়ে অন্য কেউ ভোট দিতে পারবে না। একই সঙ্গে ভোটের গোপনীয়তাও সম্পূর্ণরূপে সুরক্ষিত রাখা হয়েছে।

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক প্রকল্প ‘ওসিভি–এসডিআই’-এর টিম লিডার সালীম আহমাদ খান জানান, ১২১টি দেশে অবস্থানরত মোট ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

ইসির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *