রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় যাত্রীবাহী আলিফ পরিবহনের একটি বাসে গুলি ছোড়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মেট্রোরেলের ২৬৬ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন।
বাসের চালক, সহকারী ও যাত্রীদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন দুষ্কৃতকারী হাতের ইশারা দিয়ে বাসটি থামাতে বলেন। বাস থামানোর পর চালক ও সহকারীকে পিটিয়ে নামিয়ে দেওয়া হয়। আতঙ্কে যাত্রীরাও দ্রুত বাস থেকে নেমে যান। এরপর দুষ্কৃতকারীরা বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে আগুন লাগিয়ে দেয়।
ঘটনার কারণ প্রসঙ্গে ওসি জানান, সম্প্রতি আলিফ পরিবহনের মালিকপক্ষ কয়েকজন কর্মীকে ছাঁটাই করেছে। ক্ষোভ থেকে ওই ছাঁটাই হওয়া কর্মীদের একটি অংশই এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বাস মালিকদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।









