কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। তাদের মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা হয়েছিল।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে করাচিপাড়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে ২১ জনকে উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পাচারকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মানব পাচার রোধে কোস্টগার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলবে।









