ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, ভয়াবহ যানজট

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে স্থানীয়রা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কের দু’পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট।

বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় এ অবরোধ শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা কর্মসূচির পর বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দেন।

অভিযোগ করে স্থানীয়রা জানান, অল্প বৃষ্টিতেই এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। শুধু সড়ক নয়, ঘরবাড়িতেও পানি ঢুকে পড়ায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানিবন্দি অবস্থার স্থায়ী সমাধানের দাবিতেই তারা এ কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা, কার্যকর ড্রেনেজ উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি জানান।

সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বলেন, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতের বৃষ্টিতে রাজফুলবাড়িয়ায় জলাবদ্ধতা দেখা দেয়। এর প্রতিবাদেই স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধ চলাকালে যাত্রী ও যানবাহন দীর্ঘ সময় ভোগান্তিতে পড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *