ভারতে পালানোর সময় গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মুনির (৫০) আটক হয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, গোপালগঞ্জ সদর উপজেলার জহিরুল হকের ছেলে এস এম মুনির দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপালগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে একটি নাশকতা মামলা রয়েছে। এছাড়া নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই তারিক জানান, সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় মুনিরকে আটক করা হয়। তিনি আরও বলেন, মুনিরকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *