প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, কল রেকর্ড ফাঁসের আশঙ্কায় তিনি ফোনে কথা বলা এড়িয়ে চলেন। রোববার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সংলাপের সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, “ফোনে কথা বললেই রেকর্ড ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি ফোনে আলোচনা করি না। অনেকের মনে হয় আমি ফোন ধরিনা, আসলে বিষয়টা ভিন্ন।”
তিনি জানান, সরাসরি এসে বা লিখিতভাবে প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করবেন। তার দরজা সবার জন্য সবসময় খোলা। এ সময় তিনি আরও বলেন, এআই-সংক্রান্ত ঝুঁকি নিয়েও কমিশন সতর্ক এবং তা মোকাবিলায় কাজ করছে।
নাসির উদ্দিন বলেন, “আমরা নির্বাচনকে স্বচ্ছ ও সবার জন্য গ্রহণযোগ্য করতে চাই। বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে, আর দেশীয় পর্যবেক্ষকদেরও নিবন্ধনের সর্বোচ্চ সুযোগ দেওয়া হবে।”
তিনি আরও জানান, অতীতের মতো নয়, এবার নির্বাচন কমিশনকে আবারও পুরো আসনের নির্বাচন বাতিল করার ক্ষমতা দেওয়া হচ্ছে। সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।









