ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির আওতাধীন ছয়টি ইউনিয়নে ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ৭১ সদস্যবিশিষ্ট কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করা হয়।
এর আগে গত ২২ সেপ্টেম্বর উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, ফুলগাজী সদর ইউনিয়নে সভাপতি হয়েছেন মনির আহম্মদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. ইয়াছিন মাহমুদ মজুমদার। এ ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটির ১ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে।
অন্য ইউনিয়নগুলোতে—
- মুন্সিরহাট ইউনিয়ন: সভাপতি নুরুল হক খোকন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী।
- দরবারপুর ইউনিয়ন: সভাপতি ফজলুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ছাইফ উদ্দিন চৌধুরী বাবলু।
- আনন্দপুর ইউনিয়ন: সভাপতি জিয়া হায়দার নাছির, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ফারুক।
- আমজাদহাট ইউনিয়ন: সভাপতি মোহাম্মদ গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন মজুমদার।
- জিএমহাট ইউনিয়ন: সভাপতি আবুল হাসেম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জহির উদ্দিন পাটোয়ারী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন।
নতুন দায়িত্ব পাওয়া সভাপতি ও সাধারণ সম্পাদকরা দলীয় হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, তারা সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে দলের জন্য কাজ করবেন।
উল্লেখ্য, ২০২৩ সালের রমজান মাসে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে ছয় ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে বৃহস্পতিবার ঘোষিত ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায়।









