সিলেট নগরীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ ভবন দুলে ওঠায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মাঝে। অনেকেই দ্রুত ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প তুলনামূলকভাবে হালকা ধরনের। এতে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা কম থাকলেও মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং ঝুঁকিপূর্ণ বা দুর্বল ভবনে সামান্য ক্ষতি হতে পারে।









