নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নিম্নকক্ষ আসনভিত্তিক এবং উচ্চকক্ষ আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে গঠিত হওয়া উচিত। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে, তবে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের কাঠামো জরুরি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “আমরা আশাবাদী নির্বাচনী তরী ভিড়বে। ঐক্যমত্যে পৌঁছানোর মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। আর সুষ্ঠু নির্বাচন কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথ প্রশস্ত করবে।”
সু-শাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত এ সভায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিএফজি, ইয়ুথ লিডার ও সুজন নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, দি হাঙ্গার প্রজেক্ট কেন্দ্রীয় সমন্বয়কারী তাজিমা হোসেন মজুমদার, গাংনী উপজেলা সুজন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সম্পাদক সৈয়দ জাকির হোসেন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলি ভুট্টো, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক প্রমুখ।









