রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের একদল কর্মী। এ সময় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে হঠাৎ করেই ১৫-২০ জন যুবক ব্যানার হাতে মিছিলে যোগ দেন। তারা প্রায় পাঁচ মিনিট সড়কে অবস্থান করে স্লোগান দেওয়ার পর দ্রুত এলাকা ত্যাগ করেন।
আটককৃতরা হলেন—জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)।
হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আওয়ামী লীগের আকস্মিক মিছিল চলাকালে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়েছে। কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে আর কারা আশপাশ থেকে আটক হয়েছেন, তা যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আলোচিত ব্যবসায়ী ও স্পাইডার গ্রুপের স্বত্বাধিকারী রিপন মুন্সিকে অবশেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রাজধানীর বাড্ডা থানার একটি মামলায় মঙ্গলবার রাতে উত্তরার স্পাইডার গ্রুপের অফিস থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বুধবার (১৭ সেপ্টেম্বর) জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রিপন মুন্সি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই ব্রাহ্মণহাতার বাসিন্দা। স্থানীয়ভাবে তার বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ থাকলেও তিনি ঢাকায় গার্মেন্টস ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
মতিঝিল গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, ঢাকার বাড্ডা থানায় গার্মেন্টস শ্রমিক আজিজুল হক বাদী হয়ে এ বছরের ৩ মার্চ যে মামলা করেন, তাতে রিপন মুন্সিকে ২০ নম্বর আসামি করা হয়েছিল।









