স্কুলের সামনে মাকে পিটিয়ে অস্ত্রের মুখে মেয়েকে অপহরণ

যশোর প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে মাকে মারধর করে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাগমারি কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা শিখা খাতুন তিনজনের নামে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে দুদিন পার হলেও এখনো মেয়েকে উদ্ধার করতে পারেনি পুলিশ, আটকও হয়নি অভিযুক্ত কেউ।

অভিযোগে বলা হয়েছে, অর্ধবার্ষিকী পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন শিখা খাতুন। পথে মোটরসাইকেল ও সাদা প্রাইভেটকারযোগে ১০-১২ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। দিঘিরপাড় গ্রামের সেলিম হোসেনের ছেলে সুমন হোসেন (২২), কাগমারীর জিসান (২২) ও ভবেরবেড় গ্রামের নাইমুর (২৬) শিখা খাতুনকে মারধর করে এবং অস্ত্রের মুখে মেয়েটিকে গাড়িতে তুলে দ্রুত পালিয়ে যায়।

ওই ছাত্রীর বাবা জানান, এর আগেও সুমন মেয়েকে একবার তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু কোনো আইনি ব্যবস্থা হয়নি। এবারও অভিযোগ করার পরও পুলিশ কাউকে আটক করেনি।

কাগমারি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন, “অস্ত্রের মুখে আমাদের ছাত্রীকে অপহরণ করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছি।”

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, “অভিযোগের ভিত্তিতে অভিযান চলছে। মেয়েটিকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *