রাকসুর কার্যালয়ে ছাত্রদল নেতাকর্মীদের তালা-ভাঙচুর

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) রাকসু নির্বাচন কমিশনার কার্যালয়ে ভাঙচুর করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় রাকসু কার্যালয়ে তালাও দিতে দেখা যায় তাদের। রাকসু ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে এ কাজ করেন তারা।

আজ রোববার (৩১ আগস্ট) বেলা সাড়ে ৯টায় রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরে দলের নেতাকর্মীদের কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করতে দেখা যায়। ফলে শেষদিনের মতো এখনো পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ শুরু করতে পারেনি রাকসু নির্বাচন কমিশন।

জানা যায়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে গত কয়েকদিন ধরে কর্মসূচি পালন করছেন তারা। রোববার মনোনয়ন ফরম বিতরণের শেষ দিনে সকাল ৯টা থেকে কর্মসূচি শুরু করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা ও কোষাধ্যক্ষের কার্যালয় অবরুদ্ধ করা অবস্থান কর্মসূচি পালন করছেন। এসময় তারা কার্যালয়ের ভেতরে থাকা কয়েকটি চেয়ার-টেবিল ভাঙচুর করেন।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি করছি। তারা আমাদের দাবি মানছেই না। তারা রাকসুর ফি দিয়েছে কিন্ত তারা ভোটার হতে পারছে না। আমরা এই বৈষম্য নিরসন করেই কর্মসূচি শেষ করব।

আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের শেষ দিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *