ফেব্রুয়ারিতেই ভোটের প্রস্তুতি নেয়া হচ্ছে : সিইসি

ষ্টাফ রিপোর্টার

আগামী বছরের ফেব্রুয়ারিতেই ভোটের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বলেছেন, আমরা আশা করছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত চিঠি পাব। চিঠি না পেলেও ইসি আরও আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

আজ বুধবার (৬ আগষ্ট) দুপুরে নির্বাচন ভবনে এ কথা বলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকলেও ইসি তার প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। যেদিন ভোট গ্রহণ করা হবে, তার মাস দুয়েক আগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা সৃষ্টি করা, ভোটার উপস্থিতি নিশ্চিত করা, এআইয়ের অপব্যবহার রোধ করা এগুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। তবে তাঁরা আশা করছেন, আগামী নির্বাচন আয়নার মতো স্বচ্ছ হবে।

আরেক প্রশ্নের জবাবে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আরও কয়েক মাস সময় আছে। এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে তাঁরা আশা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *