গোপালগঞ্জে ইউএনওর গাড়িবহর ও পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ইউএনওর গাড়িবহরে এবং উলপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা হয়।
ইউএনও এম রকিবুল হাসান হামলার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভা করার কথা রয়েছে। তাদের কর্মসূচি বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা প্রথমে পুলিশের ওপর হামলা করে, পরে আমার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালায়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান গণমাধ্যমকে বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে। সেখানে কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা চালাচ্ছি অতি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য।’
উল্লেখ্য, আজ বুধবার গোপালগঞ্জ অভিমুখে এনসিপির পদযাত্রা কর্মসূচী রয়েছে।









