যমুনামুখী চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুলিশের বাধা

পদযাত্রা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা পুলিশের বাধার মুখে পড়েছেন। কাকরাইলে পুলিশের বাধার পর তাঁরা মৎস্য ভবন মোড়, কাকরাইল ও আশপাশে ছত্রভঙ্গ হয়ে যান।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। তাঁরা যমুনা ঘেরাও করবেন বলে জানান। দুপুর ১২টার দিকে কাকরাইল মসজিদের সামনে পুলিশ তাঁদের বাধা দেয়।

আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফেরত, বিজিবির নাম আবার বিডিআর করাসহ কয়েক দফা দাবিতে আন্দোলন করছেন।

ঢাকা মেডিকেল সূত্র জানিয়েছে, যমুনার কাছাকাছি এলাকা থেকে আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা হলেন, মো. শামছুল হক (৫৫) ও মো. ইউনুছ আলী (৫৭)।

রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও এর পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ডিএমপি। এরপরও যমুনার উদ্দেশে পদযাত্রা করায় তাঁদের ছত্রভঙ্গ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর