আসন্ন ঈদুল আজহায় সংবাদপত্রে পাঁচ দিন ছুটি থাকবে। সোমবার এই তথ্য জানিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সংগঠনের সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা নোটিশে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৬ থেকে ৩০ মে ঈদের ছুটি পালিত হবে। সে অনুযায়ী ২৭ থেকে ৩১ মে পর্যন্ত কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্যও ছুটির ঘোষণা দিয়েছে সরকার। আগামী ২৫ মে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ফলে চলতি বছরে টানা সাত দিনের ঈদ ছুটি উপভোগ করবেন সরকারি কর্মচারীরা। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে ছুটি সমন্বয়ের জন্য ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।
নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় সাধারণ চাকরিজীবীদের মধ্যে বাড়তি আনন্দ দেখা গেছে। পরিবার-পরিজনের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর সুযোগ তৈরি হওয়ায় অনেকে আগেই রাজধানী ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, ডাক, টেলিফোন ও ইন্টারনেটসহ জরুরি পরিষেবার সব কার্যক্রম স্বাভাবিকভাবেই চালু থাকবে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ওষুধ পরিবহনকারী যানবাহনও এ ছুটির আওতামুক্ত থাকবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস, যা ইতোমধ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরে পাঠানো হয়েছে। দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে সড়ক, রেল ও নৌপথে ঈদযাত্রার প্রস্তুতিও জোরদার করা হচ্ছে।









