শাহ আলীর মাজারে হামলা, গ্রেপ্তার ২

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর শাহ আলী মাজারে হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শেখ মো. সাজ্জাদুল হক রাসেল ও মো. আরমান দেওয়ানকে আটক করা হয়। মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, মাজারে হামলার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতেও অভিযান চালানো হচ্ছে।

হামলার পর আহত অবস্থায় রেসমি নামে এক নারী শাহ আলী থানায় মামলাটি দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, প্রায় ১৭ বছর ধরে তিনি মাজারে জিয়ারত করে আসছেন। গত বৃহস্পতিবার রাতে অতর্কিত হামলায় তিনি গুরুতর আহত হন। তার দাবি, হামলাটি পূর্বপরিকল্পিত ছিল এবং এতে জামায়াতে ইসলামী ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। হামলার সময় এক অজ্ঞাত ব্যক্তি তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করার চেষ্টা করে বলেও তিনি অভিযোগ করেন।

মামলার এজাহার অনুযায়ী, ৯ জনকে নাম উল্লেখ করে এবং আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, হামলাকারীরা সেদিন মাজারের সিন্নি নষ্ট করে, চাদর ছিঁড়ে ফেলে, মূল্যবান জিনিসপত্র লুট করে এবং নারী ভক্তদের শ্লীলতাহানি করে। পুলিশ জানায়, পুরো ঘটনার তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *