কলকাতা হাইকোর্টে মমতাকে দেখেই ‘চোর’ ‘চোর’ স্লোগান

আন্তর্জাতিক ডেস্ক

কলকাতা হাইকোর্ট থেকে বের হওয়ার সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ‘চোর, চোর’ স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা মুহূর্তেই আদালত চত্বরে উত্তেজনা সৃষ্টি করে। বৃহস্পতিবার (১৪ মে) এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ভোট-পরবর্তী সহিংসতা ও দলীয় কার্যালয়ে হামলার অভিযোগসংক্রান্ত মামলায় আইনজীবী হিসেবে হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানি শেষে আদালত প্রাঙ্গণ ত্যাগের সময় একদল লোক তাকে উদ্দেশ করে এমন স্লোগান দিতে শুরু করে।

ঘটনার পর মমতা উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘ওরা আমাকে আক্রমণ করেছে।’ এর পরই তিনি দ্রুত আদালত এলাকা ত্যাগ করেন।

এ ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতার সঙ্গে থাকা দলের নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি সমর্থনকারী কিছু আইনজীবী ইচ্ছাকৃতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্তার চেষ্টা করেছেন। তার ভাষায়, আদালতের মতো মর্যাদাপূর্ণ স্থানে প্রকাশ্যে কাউকে চোর বা ডাকাত বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুনানি শেষে মমতাকে নিরাপদে বের করে আনতে তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে বলেও তিনি জানান।

দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, ভোট-পরবর্তী সহিংসতার শিকার মানুষের জন্য ন্যায়বিচার চাইতে মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে গিয়েছিলেন। সেখানে তাকে হেনস্তার ঘটনা রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ কতটা নাজুক অবস্থায় দাঁড়িয়েছে তা স্পষ্ট করে।

এর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভোট-পরবর্তী সহিংসতা বন্ধে আদালতের হস্তক্ষেপ কামনা করেন, বিশেষ করে নারী ও সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টি তুলে ধরেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *