লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বনচৌকি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে খাদেমুল ইসলাম নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ২টার দিকে বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খাদেমুলের বয়স ২৫ বছর এবং তিনি উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কয়েকজন বাংলাদেশি সীমান্ত পিলার ৯০৫/৬ এস থেকে প্রায় ১৫০ গজ ভারতীয় ভূখণ্ডের দিকে কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের পাগলামারী ক্যাম্পের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। খাদেমুল গুলিবিদ্ধ অবস্থায় কোনোভাবে বাংলাদেশের ভেতরে ফিরে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লালমনিরহাট ব্যাটালিয়নের ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তবে কী কারণে গুলি চালানো হয়েছে তা এখনো জানা যায়নি।









