সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় অগ্রসর হচ্ছে। তিনি বলেন, এ প্রকল্পের জন্য তিনটি প্রস্তাবনা বিবেচনায় রয়েছে, যার প্রথমটিতেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে নতুন সেতু নির্মাণের কথা উল্লেখ আছে। সোমবার (১১ মে) সচিবালয়ে ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করার প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য তুলে ধরেন।
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সেতু নির্মাণ হলে সড়ক দুর্ঘটনা কমবে কিনা—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী জানান, পরিকল্পনা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে এবং দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে তিনটি প্রস্তাবই সক্রিয়ভাবে পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, প্রথম প্রস্তাবনাটিই এই রুটে সেতু নির্মাণসংক্রান্ত, এবং সরকার এই সেতু নির্মাণে এগোচ্ছে বলেই তিনি এই মুহূর্তে নিশ্চিত করতে পারেন।
শেখ রবিউল আলম আরও জানান, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) সম্পন্ন হয়েছে এবং অর্থায়ন নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অন্যান্য প্রাথমিক প্রস্তুতিমূলক কার্যক্রমও চলমান আছে।









