প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় যেমন কোনো সরকার স্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও কারও জন্য স্থায়ীভাবে সংরক্ষিত থাকে না। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে সোমবার পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, মানুষ বা সরকার কেউই চিরদিন ক্ষমতায় থাকে না—অতীতে বহুবার এর প্রমাণ মিলেছে, বিশ্বেও যার নানা উদাহরণ রয়েছে। একইভাবে জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনের কোনো পদকে স্থায়ী ভাবার সুযোগ নেই।
কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার বা প্রশাসনের পদমর্যাদা ক্ষণস্থায়ী। তাই অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা এবং ক্ষমতার পরিবর্তনশীল বাস্তবতা মেনে চলাই গণতান্ত্রিক সংস্কৃতির অংশ। এই উপলব্ধি মাথায় রেখেই প্রত্যেককে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।









