গভীর রাতে মিয়ানমারে ভূমিকম্প, বাংলাদেশেও কম্পন

ষ্টাফ রিপোর্টার

মিয়ানমারে গভীর রাতে ৫.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার প্রভাব বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে। চট্টগ্রামের বেশ কিছু এলাকায়ও মৃদু থেকে মাঝারি কম্পন টের পাওয়া যায়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, রোববার (১০ মে) রাত ১টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে, যার অবস্থান প্রাথমিকভাবে ২০.৪৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৩.৯৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে শনাক্ত করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, কেন্দ্রস্থলটি মিয়ানমারের সিদোকতায়া শহর থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগের দিন, শনিবার (৯ মে) বিকেল ৩টা ১০ মিনিটে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। হঠাৎ হওয়া এ কম্পনে কোনো ক্ষয়ক্ষতি না হলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যে কম্পনের মাত্রা ও উৎপত্তিস্থলে কিছু পার্থক্য দেখা গেছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি রিখটার স্কেলে এর মাত্রা ৪.৫ হিসেবে উল্লেখ করেছে, আর ইউএসজিএস বলেছে ৪.৪।

ইউরোপীয়–ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের আসামের বিলাসিপাড়া এলাকায় এবং এর গভীরতা ছিল তুলনামূলক কম। এ কারণে সীমান্তসংলগ্ন জেলাগুলোতে কম্পন বেশি অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পন লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি ঝাঁকুনি হিসেবে অনুভূত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *