হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশু হাসপাতালে ভর্তি অবস্থায় মারা গেছে এবং হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৪ শিশু। রোববার (১০ মে) সকাল ৮টা পর্যন্ত এই হিসাব অনুযায়ী ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৩৪৪ শিশুর মৃত্যু হয়েছে, আর হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৬৫ শিশু। এই তথ্য এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে ২০৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৮ শিশু। মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের। এছাড়া হামের উপসর্গে মৃত্যুবরণ করা তিন শিশুও ঢাকা বিভাগের। সিলেট ও চট্টগ্রাম বিভাগে দুটি করে শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৫০৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে, যার মধ্যে ১ হাজার ২৭৮ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ভর্তি হওয়া শিশুদের মধ্যে শুধু ঢাকা বিভাগেরই ৪৯৬ জন। এ সময় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১১৬ শিশু, যার মধ্যে ৪৪৩ জন ঢাকা বিভাগের।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৪৯ হাজার ১৫৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে হাসপাতাল ভর্তি হয়েছে ৩৪ হাজার ৯০৯ শিশু। ৬ হাজার ৮১৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩০ হাজার ৮৬২ শিশু।









