হাসিনার পরামর্শে মমতাকে হারিয়ে শুভেন্দুকে বসানো হয়েছে : কর্নেল অলি

ষ্টাফ রিপোর্টার

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, দেশে এখন বৈদেশিক বিনিয়োগ বন্ধ হওয়ার পথে, বড় বিনিয়োগগুলোও দেশ ছাড়তে প্রস্তুত এবং পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। তার মতে, খুন-খারাপি বাড়ছে, মানুষের মনে শান্তি নেই—এর দায় সরকারকেই নিতে হবে। রোববার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত ‘গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

বক্তব্যে কর্নেল অলি সাম্প্রতিক পশ্চিমবঙ্গ নির্বাচন প্রসঙ্গ টেনে বলেন, বাংলাদেশে শেখ হাসিনার সময়কার ‘ভোট ইঞ্জিনিয়ারিং’ মডেল অনুসরণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। তার দাবি, নির্বাচনের পর থেকে সেখানে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন চলছে এবং সাম্প্রতিক দুই দিনে ৩৬০টির বেশি দোকান-মসজিদে হামলার ঘটনা ঘটেছে। তিনি ভারত সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদান ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শুভেন্দুকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করার দাবি করেন।

তিনি বলেন, আইন মানুষের কল্যাণের জন্য, এটি কোনো ধর্মগ্রন্থ নয়—৭০ শতাংশ জনগণ যা চায়, তা সরকারকে মেনে নেওয়া উচিত। সত্য ও ন্যায়ের পক্ষে থাকা কঠিন হলেও দেশের প্রয়োজনে আবার রক্ত দিতে হলেও তা করার মানসিকতা থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীকে ঘিরে চাটুকারদের বেষ্টনী রয়েছে উল্লেখ করে কর্নেল অলি বলেন, তিনি যেন জনগণের ইচ্ছার প্রতি ফিরে আসেন, বেগম জিয়া ও জিয়াউর রহমানের মর্যাদা রক্ষা করেন। তার বক্তব্য, নীতি-নৈতিকতা ও জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে দলীয়করণ বন্ধ করার তাগিদ দিয়ে তিনি বলেন, দ্রব্যমূল্যের কারণে জনগণ ক্ষুব্ধ হলে সরকার পরিস্থিতি সামাল দিতে পারবে না এবং বিরোধী দলও চুপ করে বসে থাকবে না।

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম এমপি, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেনসহ আরও অনেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *