খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সদস্য মো. ইমন হোসেন (২৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকার একটি স’ মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে ইসলামপুর এলাকায় একটি স’ মিলের সামনে অবস্থান করছিলেন ইমন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইউপিডিএফ (গণতান্ত্রিক) পানছড়ি উপজেলার সহকারী পরিচালক বিকাশ ত্রিপুরা দাবি করেন, সাংগঠনিক কাজে বের হওয়ার পর ইউপিডিএফের প্রসীত গ্রুপের সদস্যরা ইমনকে গুলি করে হত্যা করেছে। তবে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ইউপিডিএফ প্রসীত গ্রুপের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। নিহত ব্যক্তি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন কি না এবং কারা হত্যাকাণ্ডে জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।









