পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় সংঘর্ষ, ভাঙচুর, গুলি ও হামলার ঘটনা ঘটছে। সহিংসতায় প্রাণহানি ও বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। অস্থির পরিস্থিতিতে আহত হয়েছেন এক থানার ওসিও।
গুলিবিদ্ধ ওসি ও কনস্টেবল
উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানার ওসি ভরত প্রসূন কর ও এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। দুই দলের সংঘর্ষের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেলে একটি বাড়ির ভিতর থেকে গুলি ছোড়া হয়। গুলি ভরতের পায়ে লাগে এবং দু’জনকেই পরে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়।
তৃণমূলের অভিযোগে বুলডোজার দিয়ে ভাঙচুরের ভিডিও
তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন নিউ মার্কেট এলাকায় মাংসের দোকান ভাঙতে বুলডোজার ব্যবহারের অভিযোগ তুলে একটি ভিডিও প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, বিজেপির সমর্থনে এ ঘটনা ঘটেছে। যদিও পুলিশ জানিয়েছে, বিজয় মিছিলে অনুমতি থাকলেও বুলডোজার ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি এবং ভাঙচুরের অভিযোগও তারা অস্বীকার করেছে।
বীরভূমে তৃণমূলকর্মী খুন
বীরভূমের নানুরে তৃণমূল কর্মী আবির শেখকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগ, দুষ্কৃতকারীরা তাকে রাস্তায় আটকে ধারাল অস্ত্র দিয়ে জখম করে ফেলে রেখে যায়। এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হাওড়ায় বিজেপিকর্মী পিটিয়ে খুন
হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপি কর্মী যাদব বরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, নির্বাচনী আনন্দে আবির খেলায় অংশ নেওয়ায় তাকে নিশানা করা হয়। ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডোমকলে সিপিএম কর্মীর ওপর গুলি
মুর্শিদাবাদের ডোমকলে সিপিএম কর্মী শফিকুল ইসলামকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একটি গুলি তার গলায় লাগে এবং গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিপিএম তৃণমূলকে দায়ী করেছে, যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
লেনিনের মূর্তি ভাঙচুর
জিয়াগঞ্জের শ্রীপত সিংহ কলেজের সামনে থাকা লেনিনের মূর্তি ভাঙচুর করেছে দুষ্কৃতকারীরা। লোহার রড ও হাতুড়ি নিয়ে হামলা চালানো হয় এবং ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও বাধা দেওয়া হয়নি বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। বামফ্রন্টের অভিযোগ, রাজ্যে আইনের শাসন নেই; অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করেছে, এটি জনগণের ক্ষোভ।
বিজয়ী তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা
উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে তৃণমূলের বিজয়ী প্রার্থী বীণা মণ্ডলের বাড়িতে ইটপাটকেল ছোড়া, ভাঙচুর এবং গাড়ি ক্ষতিগ্রস্ত করার ঘটনা ঘটে। বীণার অভিযোগ, হামলাকারীরা বিজেপি সমর্থক। তবে স্থানীয় বিজেপি নেতা রিপন দাস বলেছেন, হামলাকারীরা তৃণমূলপন্থী হয়ে বিজেপির নামে অপপ্রচার করছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ
তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, নির্বাচনের ফল প্রকাশের পর দলীয় কর্মীদের ওপর হামলা, খুন এবং পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে। তিনি কর্মীদের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানান এবং তদন্ত কমিটির কাজ চলছে বলেও জানান।
বিজেপি সভাপতির নির্দেশ ও বার্তা
পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য প্রশাসনকে সহিংসতা রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। তিনি কর্মীদের শান্ত ও দায়িত্বশীল থাকার নির্দেশ দিয়ে বলেন, জয়ের আনন্দে কেউ যেন কোনো ধরনের হিংসায় জড়িত না হয়।
সূত্র: আনন্দবাজার









