শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের

ষ্টাফ রিপোর্টার

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন। মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে তিনি বলেন, ওই দিনের ঘটনার প্রকৃত সত্য উদঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে গ্রহণযোগ্য কমিশন গঠন প্রয়োজন। তিনি ঘটনার স্মৃতিকে দেশের ইতিহাসে বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

বিবৃতিতে তিনি বলেন, সেদিন তাওহিদী জনতার ওপর পরিচালিত অভিযান জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছিল। এ ধরনের ঘটনা মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি বলে মন্তব্য করেন তিনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়াকে তিনি দুঃখজনক বলে আখ্যায়িত করেন। তার মতে, বিচার না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনমনে হতাশা ও ক্ষোভ বাড়ছে।

তিনি বলেন, একটি সভ্য রাষ্ট্রে বিচারহীনতার সংস্কৃতি অগ্রহণযোগ্য। শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সংবিধান স্বীকৃত; কিন্তু সেই অধিকার দমনে শক্তি প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।

বিবৃতির শেষাংশে শফিকুর রহমান দেশবাসীকে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *