বায়ু দূষণে ঢাকার অবস্থান পঞ্চম

ষ্টাফ রিপোর্টার

ঢাকার বায়ুমান ক্রমাগত খারাপের দিকেই থাকছে, সাম্প্রতিক বৃষ্টিপাতও তাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেনি। সোমবার (৪ মে) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা পঞ্চম স্থানে রয়েছে। এদিন শহরটির একিউআই ছিল ১২৩, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

একই সময়ে তালিকার শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ, যার একিউআই স্কোর ২৫৩। দ্বিতীয় স্থানে থাকা উগান্ডার রাজধানী কাম্পালার স্কোর ১৫৬, তৃতীয় স্থানে থাইল্যান্ডের চিয়াং মাইয়ের স্কোর ১৪৩ এবং চতুর্থ স্থানে বাহরাইনের রাজধানী মানামার স্কোর ১৩২।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০–৫০ ‘ভালো’, ৫১–১০০ ‘মাঝারি’, ১০১–১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১–২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

বর্তমান পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদেরও প্রয়োজন ছাড়া বাইরে না যেতে বলা হচ্ছে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে বলা হয়েছে, বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য এটি অত্যাবশ্যক। পাশাপাশি খোলা জায়গায় ব্যায়াম বা শারীরিক কার্যক্রম এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। ঘরের ভেতরে দূষণ কমাতে জানালা–দরজা যতটা সম্ভব বন্ধ রাখার কথাও বলা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বৃষ্টিপাত সাময়িকভাবে বায়ুদূষণ হ্রাস করতে সহায়তা করলেও ঢাকার মতো জনবহুল এবং যানবাহননির্ভর শহরে দূষণের মূল উৎস নিয়ন্ত্রণে না আনা পর্যন্ত স্থায়ী উন্নতি সম্ভব নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *