প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে নতুন করে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। এতে ওই সময়ের বিভিন্ন সিদ্ধান্ত, আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠনসহ দেশি-বিদেশি চুক্তির বৈধতাও প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
রোববার (৪ মে) সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মহসিন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে কি না, তা অনুসন্ধানের জন্য একটি কমিশন গঠনের আবেদন জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। এর আগে তিনি বর্তমান সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আরেকটি রিট দায়ের করেছিলেন, যা হাইকোর্ট খারিজ করে দেয়। পরে ওই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করা হলে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে রায় দেন।









