বৃষ্টি উপেক্ষা করে সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাজার জিয়ারত শেষ করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি জানান, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সিলেটে পৌঁছেই মাজার জিয়ারত করেন। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর।
জিয়ারত শেষে তিনি সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। দিনের সফরে তিনি একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি দলীয় কর্মসূচিতেও অংশ নেবেন। মাজার এলাকায় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, এমপি এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
সফরসূচি অনুযায়ী বেলা ১১টায় তিনি চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করেন। দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে তার। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ প্রতিযোগিতা উদ্বোধন এবং বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেবেন তিনি। সব কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় বিমানে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে।
তার সফরকে ঘিরে শহরে সর্বত্র নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি, বাড়ানো হয়েছে নিরাপত্তা। দলীয় নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সকালে তিনি ঢাকা থেকে বিমানে রওনা হয়ে প্রায় ৯টা ৫৮ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।









