তামিমকে নির্বাচিত সভাপতি দেখতে চান সাকিব

ক্রীড়া প্রতিবেদক

বহু আলোচনা ও জল্পনার অবসানে চলতি মাসেই তিন মাসের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল। এই অন্তর্বর্তী দায়িত্বের পর তিনি আসন্ন নির্বাচনে অংশ নেবেন, যেখানে নির্বাচিত কমিটির মাধ্যমে চার বছরের পূর্ণ মেয়াদে সভাপতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তার সাবেক সতীর্থ সাকিব আল হাসান চান তামিমই যেন সেই দায়িত্ব পান।

মুম্বাইয়ে সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব জানান, তামিমের হাতে বিসিবির নেতৃত্ব গেলে বাংলাদেশ ক্রিকেট লাভবানই হবে। তিনি বলেন, তামিম এখনো নির্বাচিত সভাপতি নন, কেবল নির্বাচন আয়োজনের দায়িত্ব পেয়েছেন। তবে তিনি আশা করেন নির্বাচিত কমিটিতেও তামিম সভাপতি হবেন, কারণ তার দীর্ঘমেয়াদি পরিকল্পনা দেশের ক্রিকেটের কাজে আসবে।

বিসিবিতে সাম্প্রতিক সময়ে নেতৃত্ব পরিবর্তন হলেও সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার বিষয়টি অনিশ্চিতই রয়ে গেছে। ফারুক আহমেদের বোর্ডের সঙ্গে আলোচনা শুরু হলেও তা গতি পায়নি। পরে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বেও উদ্যোগ নেওয়া হয়েছিল; তবে সেই বোর্ডও আর টেকেনি। এখন দায়িত্ব তামিম ইকবালের হাতে, ফলে প্রশ্ন উঠেছে—তার আমলে কি সাকিব ফিরতে পারেন লাল-সবুজের জার্সিতে?

সাকিব নিজেও আশা ছাড়ছেন না। তিনি বলেন, সময়ের সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাবে বলে বিশ্বাস করেন এবং সুযোগ হলে দেশে ফিরে নিজের বিদায়ী ম্যাচ খেলতে চান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *