পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ

ষ্টাফ রিপোর্টার

দেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটতে যাচ্ছে। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর প্রথম ইউনিটে আজ মঙ্গলবার জ্বালানি হিসেবে ইউরেনিয়াম লোডিং কাজ শুরু হচ্ছে। তবে এই ধাপের পরও আরও শতাধিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ধীরে ধীরে জাতীয় গ্রিডে যুক্ত হবে বিদ্যুৎ।

প্রায় এক দশকের বেশি সময় ধরে মহামারি ও বৈশ্বিক অস্থিরতার মতো নানা চ্যালেঞ্জের মধ্যেও থেমে থাকেনি দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি। এখন এটি পরীক্ষামূলক উৎপাদনের একেবারে কাছে পৌঁছে গেছে। তৃতীয় প্রজন্মের ভিভিইআর-১২০০ মডেলের এই কেন্দ্রটিতে নিরাপত্তা নিশ্চিতে যুক্ত করা হয়েছে স্বয়ংক্রিয় ‘কোর ক্যাচার’ প্রযুক্তি, যা ৯ মাত্রার ভূমিকম্প ও ১০–১২ ফুট উঁচু জলোচ্ছ্বাসেও স্থিতিশীল থাকতে সক্ষম বলে দাবি করা হয়। সঠিক রক্ষণাবেক্ষণ থাকলে কেন্দ্রটি ৮০ থেকে ৯০ বছর সচল রাখা সম্ভব।

কেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের চুল্লিতে বিক্রিয়ার জন্য প্রয়োজন ১৬৩টি ইউরেনিয়াম ফুয়েল বান্ডেল, প্রতিটিতে থাকে ১৫টি করে ইউরেনিয়ামসমৃদ্ধ রড। এরই মধ্যে ১৬৮টি বান্ডেল দেশে এসেছে, যার পাঁচটি সংরক্ষিত থাকবে। চুল্লিতে এসব বান্ডেল স্থাপন করতে সময় লাগবে প্রায় ৪০ থেকে ৪৫ দিন। এরপর নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন তাপে বাষ্প তৈরি হয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, ফুয়েল লোডিং সম্পন্ন হতে প্রায় ১৫ দিন লাগবে এবং পরবর্তী ১৫ দিন চলবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। মোট প্রায় এক মাসের মধ্যে এই ধাপ শেষ হবে। এরপর দুই মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা যেতে পারে বলে আশা করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, নন-নিউক্লিয়ার সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পরই ফুয়েল লোডিংয়ের অনুমোদন দেওয়া হয়েছে, যা প্রকল্পের আনুষ্ঠানিক পারমাণবিক ধাপে প্রবেশকে নির্দেশ করে। ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতা অর্জনের দিকে এগোবে কেন্দ্রটি।

পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে আগামী আগস্ট থেকেই জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পূর্ণমাত্রার উৎপাদনে পৌঁছাতে সময় লাগতে পারে আগামী বছর পর্যন্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *