এলপিজি কার্ড বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর

যশোর প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নত করা। নারীদের রান্নার কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

সোমবার বেলা সোয়া ১২টার দিকে যশোর জেলার শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি উল্লেখ করেন, উলাশী খালে পানি প্রবাহ শুরু হলে প্রায় ৭২ হাজার মানুষ সরাসরি উপকৃত হবে।

খাল পুনঃখনন কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশজুড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময়ের মতো খাল খনন কার্যক্রম পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে।

দেশের উন্নয়নে নারীদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মেয়েদের জন্য শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় মেয়েদের শিক্ষাকে ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হবে, যাতে তারা উচ্চশিক্ষায় এগিয়ে যেতে পারে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে মাটি কেটে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *