পঞ্চগড়ে তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। এ সময় তার নিরাপত্তায় থাকা এক আনসার সদস্যকে মারধর করা হয় এবং তার সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। আহত ওই সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ‘মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশন’-এ তেল নিতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন তৈরি হয়। কিন্তু লাইনে থাকা অনেকের কাছেই সরকারি নির্দেশনা অনুযায়ী ফুয়েল কার্ড, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছিল না। এতে বিশৃঙ্খলা তৈরি হলে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ইউএনওকে বিষয়টি অবহিত করে।

দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে ইউএনও কাগজপত্রবিহীন চালকদের লাইন ত্যাগের নির্দেশ দেন এবং দুইজনকে ৫০০ টাকা করে জরিমানা করেন। এর কিছুক্ষণ পর শতাধিক লোকের একটি মিছিল এসে ইউএনও ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর হামলা চালায়। এ সময় আনসার সদস্যের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়দের সহায়তায় পাশের একটি বাড়িতে আশ্রয় নেন ইউএনও। পরে দেবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

ইউএনও সবুজ কুমার বসাক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। তার নিরাপত্তাকর্মীর অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়েছে বলে তিনি জানান।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালেক জানান, পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *