জব্বারের বলীখেলায় ইতিহাস গড়লেন ‘বাঘা’ শরীফ, হ্যাটট্রিক চ্যাম্পিয়ন

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসরে নতুন ইতিহাস গড়েছেন কুমিল্লার বলী মো. শরীফ, যিনি ‘বাঘা শরীফ’ নামেই পরিচিত। টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতে তিনি হ্যাটট্রিক চ্যাম্পিয়নের কৃতিত্ব অর্জন করেছেন।

শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে তিনি একই জেলার প্রতিদ্বন্দ্বী রাশেদ বলীকে পরাজিত করে আবারও সেরা হওয়ার গৌরব অর্জন করেন। এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও এই দুই প্রতিযোগী ফাইনালে মুখোমুখি হয়েছিলেন এবং উভয়বারই বিজয়ী ছিলেন শরীফ। এবারের আসরেও সেই ধারাবাহিকতা বজায় থাকে।

ফাইনাল ম্যাচের শুরু থেকেই দুই বলীর মধ্যে তীব্র লড়াই জমে ওঠে। আক্রমণ ও পাল্টা আক্রমণে প্রায় ২৪ মিনিট ২৬ সেকেন্ড ধরে চলে শক্তি, কৌশল ও ধৈর্যের পরীক্ষা। শেষ পর্যন্ত রাশেদকে মাটিতে ফেলে বিজয় নিশ্চিত করেন বাঘা শরীফ। তার জয়ে লালদীঘি মাঠজুড়ে উৎসবের আবহ সৃষ্টি হয় এবং উপস্থিত হাজারো দর্শক করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান।

প্রথম সেমিফাইনালে মিঠুকে হারিয়ে ফাইনালে ওঠেন রাশেদ, আর দ্বিতীয় সেমিফাইনালে শাহ জালালের বিপক্ষে সমঝোতার ভিত্তিতে জয়ী ঘোষণা করা হয় বাঘা শরীফকে। ফলে টানা তৃতীয়বারের মতো ফাইনালে মুখোমুখি হন শরীফ ও রাশেদ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় পান মিঠু।

বিকেল সাড়ে ৩টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী। বেলুন উড়িয়ে তিনি এবারের আয়োজনের সূচনা করেন। দুপুর থেকেই লালদীঘি মাঠ ও আশপাশের এলাকা দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে। তীব্র গরম উপেক্ষা করে নানা বয়সী মানুষ ঐতিহ্যবাহী এ আয়োজন উপভোগ করতে জড়ো হন।

বলীখেলাকে ঘিরে মাঠসংলগ্ন এলাকায় বসা দুই দিনব্যাপী বৈশাখী মেলাতেও ছিল ব্যাপক ভিড়। খাবার, খেলনা, মাটির তৈরি সামগ্রীসহ নানা গ্রামীণ পণ্যের দোকানে জমজমাট কেনাবেচা চলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *