চট্টগ্রামে খনন কাজের সময় মাটিচাপায় দুই শ্রমিক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের আগ্রাবাদ বি-ফোর অ্যাকসেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের খনন কাজের সময় মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত আরও দুই শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন।

নিহত শ্রমিকরা হলেন রাকিব ও তুষার। তুষারের বাড়ি দিনাজপুরে হলেও তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত দুই শ্রমিক সাগর ও এরশাদ হাসপাতালে চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিস জানায়, আগ্রাবাদ অ্যাকসেস রোডের সিঙ্গাপুর মার্কেট এলাকার সামনে পানির পাইপ বসানোর জন্য মাটি খননের সময় চার শ্রমিক চাপা পড়ে। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, স্যুয়ারেজ প্রকল্পের অংশ হিসেবে ওই স্থানে ট্রায়াল পিট খননের কাজ চলছিল। গভীর রাতে কাজের সময় মাটি ধসে দুর্ঘটনাটি ঘটে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রো প্রকল্পটি পরিচালনা করছে, তাদের কাছে ইতোমধ্যে দুর্ঘটনা প্রতিবেদন চাওয়া হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং ক্ষতিপূরণ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম জানান, চারজনকে হাসপাতালে আনার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয় এবং আহত দুজন ক্যাজুয়াল্টি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *