বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন বলে জানিয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস। মঙ্গলবার তিনি জানান, প্রতিদিন নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে এবং আল্লাহর রহমতে তার স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। স্বামীর দ্রুত আরোগ্যের জন্য সবার দোয়া কামনাও করেন তিনি।
গত ১৪ এপ্রিল ফিজিও থেরাপির উদ্দেশ্যে মির্জা আব্বাসকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। এর আগে ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিউরো বিশেষজ্ঞদের একটি দল তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করেন। পরে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে প্রায় এক মাস নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার পর তার অবস্থা স্থিতিশীল হয়। চিকিৎসকদের পরামর্শেই পরবর্তী ধাপে মালয়েশিয়ায় ফিজিও থেরাপি শুরু করা হয়েছে।









