কুষ্টিয়ায় গভীর রাতে ব্রাশফায়ার, স্বেচ্ছাসেবক দল নেতাসহ গুলিবিদ্ধ ১০

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে গভীর রাতে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম (৩৬) গুরুতর অবস্থায় রয়েছেন; তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন সোহেল রানা (৪৫), তার স্ত্রী তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) এবং তার স্ত্রী মেরিনা (২৫)। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, গভীর রাতে মুখোশধারী একদল দুষ্কৃতকারী রবিউল ইসলামকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ব্রাশফায়ার ও শটগান দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে, এতে নারী-পুরুষসহ একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হন। স্থানীয়দের ধারণা, বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন আহত হয়েছেন এবং পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। তিনি বলেন, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *