এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৮ লক্ষাধিক

ষ্টাফ রিপোর্টার

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। প্রথম দিনে অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্র পরীক্ষা। পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা থাকায় তারা আগেভাগেই কেন্দ্রগুলোতে পৌঁছায়। এ বছর ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছেলে এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন মেয়ে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। গতকাল সচিবালয়ে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন জানান, তিন হাজার ৮৮৫টি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে কেন্দ্রগুলোর আশপাশে যানজট নিয়ন্ত্রণে রাখার নির্দেশও দেওয়া হয়েছে। শিক্ষা উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে অযথা আতঙ্ক তৈরি না করার আহ্বান জানান।

নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে শিক্ষা বোর্ডগুলো আগে থেকেই সক্রিয় রয়েছে এবং গত দুই সপ্তাহে প্রায় প্রতিদিনই জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। ইতোমধ্যে ৩ হাজার ২০৯টি কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি খন্দকার এহসানুল কবির জানান, অনেক কেন্দ্রে আগেই সিসি ক্যামেরা ব্যবহৃত হয়ে আসছে এবং নতুন কেন্দ্রগুলোতেও এ উদ্যোগ বাস্তবায়নে কেন্দ্র সচিবদের উৎসাহিত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *