নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ৯টা ৫৮ মিনিটে তার গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
এর আগে ভোর ৬টা ১০ মিনিটে তিনি ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন। সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে ছিলেন। বগুড়ায় পৌঁছালে অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধনসহ জেলার বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ১০টায় তিনি সার্কিট হাউসে উপস্থিত হবেন। এরপর বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইল বন্ড উদ্বোধন এবং সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবগঠিত সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন।
দুপুর পৌনে ১২টায় তিনি বগুড়া শহর থেকে গাবতলীর বাগবাড়ীর উদ্দেশে রওনা হন এবং দুপুর পৌনে ১টায় সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করেন।
বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। জনসভা শেষে তিনি বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
দিনের সব কর্মসূচি শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন এবং পথে সন্ধ্যা সাড়ে ৬টায় পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রাবিরতি করবেন।








