রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির সদর উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ধর্মসিং চাকমা নামে ইউপিডিএফের এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ধর্মসিং চাকমা ইউপিডিএফ নিয়ন্ত্রিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন।

ইউপিডিএফের দাবি, সকালে নিজ বাসায় অবস্থানকালে জন সংহতি সমিতির (জেএসএস) ১৯ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল বাড়িটি ঘিরে ফেলে। সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার দুই বোনও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি। তবে এ ঘটনায় জেএসএসের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, গুলিবিদ্ধ দুই নারীকে সকালে হাসপাতালে আনা হয়েছিল এবং প্রাথমিক চিকিৎসা শেষে তারা চলে গেছেন।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন বলেন, একজন নিহত ও দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর তিনি পেয়েছেন এবং ঘটনাস্থলে যাচ্ছেন। বিস্তারিত পরে জানা যাবে বলে জানান তিনি।

এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে ইউপিডিএফ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *