পাকিস্তান আরব সাগরে বিপদগ্রস্ত একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করেছে। শুক্রবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি জানায় দেশটির নৌবাহিনী। পাকিস্তানি দৈনিক ডনের খবরে বলা হয়, এমভি গোল্ড অটাম নামের জাহাজটি থেকে বিপদের সংকেত পাওয়ার পরই দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
পাকিস্তান নৌবাহিনীর তথ্যমতে, উত্তর আরব সাগরে পরিচালিত অভিযানে চীন, বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা সমন্বয়ে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি তাদের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার সক্রিয় করে, পাশাপাশি নৌবাহিনীর যুদ্ধজাহাজ পিএনএস হুনাইন ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা, অগ্নিনির্বাপন সহায়তা ও জাহাজের ক্ষয়ক্ষতি মূল্যায়নের পর তাদের করাচিতে নেওয়া হয়েছে, যেখানে চিকিৎসা ও নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।
উত্তর আরব সাগর বৈশ্বিক বাণিজ্যের একটি ব্যস্ত নৌপথ, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি পরিবহনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ এলাকায় দুর্ঘটনা ঘটলে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট দেশের নৌবাহিনী দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করে থাকে। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক উদ্ধার অভিযান পরিচালনা করেছে পাকিস্তান নৌবাহিনী, যার মধ্যে বিপদগ্রস্ত বাণিজ্যিক জাহাজ ও মাছ ধরার নৌকা উদ্ধারের ঘটনাও রয়েছে।









