রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে ভ্যাপসা গরমের অনুভূতি আগের তুলনায় আরও বাড়তে পারে। শনিবার (১১ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা নেই।
পূর্বাভাসে আরও জানানো হয়, এ সময় দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যে দেখা যায়, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।
এর আগে গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪০ মিনিটে।









