ধর্ম অবমাননার অভিযোগে কারাবন্দি থাকা বাউল আবুল সরকার হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। সোমবার বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
গত ২০ নভেম্বর রাতে মাদারীপুরের এক গানের আসর থেকে মানিকগঞ্জ ডিবি পুলিশ তাকে আটক করে। পরদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় তার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখানোর পর তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরে ১ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে আরেকটি মামলা দায়ের করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান। অভিযোগপত্রে বলা হয়, মানিকগঞ্জের একটি মেলায় গান পরিবেশনের সময় আবুল সরকার আল্লাহকে নিয়ে অশ্রদ্ধা ও কটূক্তি করেছেন, যা বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
ওই ঘটনায় দণ্ডবিধির ১৮৬০-এর ২৯৫ ও ২৯৫(ক) ধারায় তার বিরুদ্ধে মামালা করা হয়।









