জাতীয় সংসদ অধিবেশনের বিরতিতে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই গণআন্দোলনে আহত যোদ্ধাদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার মাগরিবের নামাজের বিরতির সময় তিনি সংসদের মেঘনা গ্যালারিতে গিয়ে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
এ সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন জুলাই শহীদ পরিবারের ২৬ জন সদস্য এবং আন্দোলনে আহত ৩০ জনের বেশি যোদ্ধা। তারা নিজেরা যে দুঃখ–দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন, তা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
প্রধানমন্ত্রীও তাদের কথা ধৈর্যসহকারে শোনেন। কয়েকজন আবেগাপ্লুত হয়ে কাঁদতে শুরু করলে তিনি মাথায় ও কাঁধে হাত রেখে সান্ত্বনা দেন। মুহূর্তটি গ্যালারিতে উপস্থিত মানুষের হৃদয় ছুঁয়ে যায়।









